জাতীয়

জাতিসংঘকে ওসমান হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

জাতিসংঘকে ওসমান হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার
ছবিঃ সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)’-এর মাধ্যমে করানোর প্রস্তাব দেওয়া হবে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, যত দ্রুত সম্ভব এই মামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব দেওয়া হবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘এই ঘটনায় পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে এবং সম্ভাব্য এই তদন্তে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে সরকার।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটির একাধিক সদস্য যমুনার দিকে অগ্রসর হন। এ সময় তারা হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।