জাতীয়

এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকরের আগে আজ পরীক্ষামূলকভাবে (টেস্ট রান) সিস্টেম চালু করা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার সময় ডিরেজিস্ট্রেশন ছাড়া ব্যবহৃত কিছু সিমের ক্ষেত্রে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। তবে এই সমস্যা সাময়িক-পরীক্ষা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল সংযোগ আবার চালু হয়ে যাবে। এ সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালু করে। তবে এর আগে অবৈধ পথে আমদানি হওয়া বা অনুমোদনহীন মোবাইল ফোনগুলো বিক্রির জন্য ব্যবসায়ীদের ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ১৫ মার্চ থেকেই এনইআইআর পদ্ধতি পুরোপুরি কার্যকর হবে।

এনইআইআর চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে অনুমোদনহীন বা ‘আনঅফিসিয়াল’ মোবাইল ফোন আর সংযুক্ত হতে পারবে না। সরকারের লক্ষ্য, এ ব্যবস্থার মাধ্যমে অবৈধ ফোন আমদানি রোধ করা, গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা এবং মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করা।

সব মিলিয়ে, আজকের এই পরীক্ষামূলক টেস্ট রানের সময় নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে কোনো গ্রাহক সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্নের সমস্যায় পড়লে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।