জাতীয়

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বিডিআর সদরদপ্তর পিলখানায় সংঘটিত সেনা হত্যাযজ্ঞে শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার বনানী সামরিক কবরস্থান–এ তারা শহীদ সেনাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নাগরিক হিসেবে পিলখানার হত্যাকাণ্ডের বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন অনেকটাই বোধগম্য। ঘটনার পর নানা ধরনের মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, “দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব—এই হোক জাতীয় শহীদ সেনা দিবসের প্রত্যয়।”