জাতীয়
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী
কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত হতে পারবেন না বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, শিক্ষকতার পাশাপাশি কেউ অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাদের দায়িত্বশীল ও নৈতিক অবস্থান নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বে অবহেলা বা অনিয়মের কোনো সুযোগ নেই।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কোথাও কোনো শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগ উঠলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। সেসব প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে। এমনকি দায়িত্ব পালনে সামান্য গাফিলতি প্রমাণিত হলেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বরং তারা দুর্নীতির মাধ্যমে শুধু অবকাঠামো নির্মাণে মনোযোগ দিয়েছে, শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সভায় তিনি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ বিভাগের দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।