জাতীয়

এএসআইয়ের কাছ থেকে সরকারি পিস্তল ছিনতাই, দেশে উৎপাত বেড়েছে ছিনতাইকারীদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম

এএসআইয়ের কাছ থেকে সরকারি পিস্তল ছিনতাই, দেশে উৎপাত বেড়েছে ছিনতাইকারীদের
ছবি: এআই

নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় দুর্বৃত্তরা ওই পুলিশ কর্মকর্তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার ভোর প্রায় পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে সাময়িকভাবে টয়লেট ব্যবহারের জন্য নিজের টিম থেকে আলাদা হয়ে যান এএসআই লুৎফর রহমান। পরে ব্যক্তিগত মোটরসাইকেলে করে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকেই ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার আশপাশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এবং দুটি সরকারি হাসপাতাল থাকলেও এলাকাটি দীর্ঘদিন ধরেই ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে ছিনতাই ও দস্যুতার ঘটনায় এক হাজার ৯৩৫টি মামলা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে এ ধরনের ঘটনায় ১৬৩টি এবং ফেব্রুয়ারিতে ১৩৭টি মামলা দায়ের হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় ৩০৮টি অভিযোগ জমা পড়ে। এসব ঘটনার প্রায় ৬৫ শতাংশে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রায় ২০ শতাংশ ছিনতাই সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এবং বাকি ১৫ শতাংশ ছদ্মবেশে বা প্রতারণার মাধ্যমে সংঘটিত হয়েছে।

গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে ৪৩২টি ছিনতাইপ্রবণ স্থান রয়েছে এবং এসব এলাকায় প্রায় ৯৭৯ জন ছিনতাইকারী সক্রিয়। এর মধ্যে মিরপুর ও তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, মতিঝিল ও ওয়ারী বিভাগে ২১২ জন, রমনা ও লালবাগ বিভাগে ২১৭ জন এবং উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪ জন সক্রিয় রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে।