জাতীয়

দিনাজপুর থেকে ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

দিনাজপুর থেকে ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

জানা গেছে, দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হবে। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খাল খননের পাশাপাশি পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে।