জাতীয়

ছুটির মধ্যেও সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

ছুটির মধ্যেও সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হলেও রাষ্ট্রীয় কার্যক্রমে বিরতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ ছুটির প্রথম দিনেই তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ পরিচালনা করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের ছুটির দিন সকাল ১১টার দিকে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটির মধ্যেও তিনি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং জরুরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। এদিন তার কর্মসূচির মধ্যে অন্যতম ছিল মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক, যেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ঈদের দীর্ঘ ছুটির সময়েও প্রশাসনের কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৭ মার্চ শবে কদরের ছুটির মাধ্যমে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করলেও, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়।

এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেলেও, সরকারপ্রধানের এভাবে কর্মস্থলে উপস্থিত থাকা প্রশাসনিক তৎপরতা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।