জাতীয়

ঈদযাত্রায় সড়কে প্রাণহানি ৩৫১, আহত হাজার ছাড়াল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

ঈদযাত্রায় সড়কে প্রাণহানি ৩৫১, আহত হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরকে ঘিরে যাতায়াতের ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি অনুযায়ী, এই সময়ে সারা দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, দেশের জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত এই দুর্ঘটনাগুলো ঘটেছে। শুধু সড়ক পথেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১ হাজার ৪৬ জন আহত হন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু হাসপাতাল)-এ এই সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ হাজার ১৭৮ জন ভর্তি হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।

প্রতিবেদনে আরও বলা হয়, এবারের ঈদেও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ এবং মোট নিহতের ৩৮ দশমিক ৪৬ শতাংশ।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৭১ জন চালক, ৫৫ জন শিশু, ৫৪ জন পথচারী, ৫১ জন নারী এবং ৪২ জন শিক্ষার্থী রয়েছেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে প্রতি ঈদেই এ ধরনের প্রাণহানি অব্যাহত থাকবে। তারা দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ, আইন প্রয়োগ জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।