জাতীয়
ফ্যাসিবাদী শাসন অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও জানান, আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা প্রদানে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। ন্যায়বিচারকে শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ না রেখে তা মানুষের জীবনে বাস্তব রূপ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগ যেন কেবল যান্ত্রিক না হয়; বরং মানুষের মর্যাদা রক্ষা ও অধিকার নিশ্চিত করার নৈতিক দায়িত্ব হিসেবে তা বাস্তবায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার এবং তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বিচার বিলম্ব মানেই বিচার থেকে বঞ্চিত হওয়া। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।