জাতীয়

ধর্ম যার যার, অধিকার সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

ধর্ম যার যার, অধিকার সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

‘ধর্ম যার যার, অধিকার সবার’—এই নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তার সরকার ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না; বরং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী—সবাই সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই সরকারের নীতি। তিনি আরও বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি নয়, বরং পারস্পরিক সহাবস্থানই আমাদের লক্ষ্য।”

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ-এর শিক্ষা তুলে ধরে তিনি বলেন, পঞ্চশীল নীতির মতো মূল্যবোধ—অহিংসা, সত্যবাদিতা ও সংযম—সমাজকে মানবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারপ্রধান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর কথা উল্লেখ করে বলেন, এই দর্শনই দেশের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম। তিনি সবাইকে নিজেদের ‘সংখ্যালঘু’ ভাবনা থেকে বেরিয়ে এসে সমান নাগরিক হিসেবে ভাবার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিগতভাবে ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করলে একটি সহনশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সরকার এমন পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশ-বিদেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান জানান।