জাতীয়

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতার সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তি পাবে। একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরাও এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। পাশাপাশি অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।