জাতীয়

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৪৯ পিএম

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
ছবি: সংগৃহীত

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার (১৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের একটি স্বনামধন্য জনস্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অলাভজনক প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমানে এই ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি স্বাস্থ্য প্রযুক্তি ইনস্টিটিউট, একটি কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে।

ফাউন্ডেশনের কোম্পানি বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার ও প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আলো-বাতাস ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কার চলছে। কর্পোরেট অফিসের ওপরের বেকারিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ বছরে ১ কোটির বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ জুন পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী সেবা নিয়েছেন।

এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী। পাশাপাশি ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন।

রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।