জাতীয়

নতুন ১০ জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০০ পিএম

নতুন ১০ জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা
ছবি: সংগৃহীত

দেশের যোগাযোগব্যবস্থা উন্নত করতে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, একই সঙ্গে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালু, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, সেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে রেল যোগাযোগ সম্প্রসারণ ও মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্তমানে দেশের ৪৯টি জেলায় রেল যোগাযোগ চালু রয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে সব ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন আরও ১০টি জেলায় রেল সংযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে রেলসেবা সম্প্রসারণে সম্ভাব্য নতুন রেললাইন ও প্রকল্প নিয়ে প্রাথমিক উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে। ধীরাশ্রমে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি টঙ্গী-আখাউড়া ও লাকসাম-সিলেট রুটে বিদ্যমান মিটারগেজ লাইনের সীমাবদ্ধতা দূর করতে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা-কুমিল্লা কর্ড লাইন বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের পরিকল্পনাটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এটি চালু হলে প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে যাবে।

রাজধানী ও আশপাশের জেলার মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে নতুন কমিউটার ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর রুটের পাশাপাশি ঢাকা-মানিকগঞ্জ এবং ঢাকা-নরসিংদী রুটেও কমিউটার ট্রেন চালুর চিন্তা করছে সরকার।

তিনি বলেন, মানিকগঞ্জ এখনো রেল যোগাযোগের বাইরে রয়েছে। ঢাকায় কর্মরত মানুষ যেন সহজে ও দ্রুত নিজ জেলায় ফিরতে পারেন, সে লক্ষ্যেই ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।