জাতীয়

বেনজীরকে ফিরিয়ে আনতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

বেনজীরকে ফিরিয়ে আনতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণের আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ আটকের পরপরই তার বিরুদ্ধে থাকা ১৪৪ পৃষ্ঠার মামলার নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির সরকার শিগগিরই তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে বর্তমানে ছয়টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে, আর বাকি মামলাগুলো তদন্তাধীন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও পারস্পরিক আইনি সহায়তার আওতায় সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের যেকোনো সময়ের তুলনায় অধিক কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

পুলিশ বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

তিনি আরও জানান, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক পুলিশ সংস্থার লাল নোটিশের পর ১২ জুন দুবাইয়ে বেনজীর আহমেদ আটক হন। পরে তার বিরুদ্ধে দায়ের করা মামলার নথিসহ প্রত্যর্পণের আবেদন পাঠানো হয়েছে। দেশটির আদালত বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

এদিকে আদালতের নির্দেশে দেশে তার বিপুল সম্পদ জব্দ ও সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা ব্যাংক হিসাব ও অর্থও অবরুদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।