জাতীয়
স্থানীয় নির্বাচন সামনে, ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির সুযোগ আগামী ৩১ জুলাই পর্যন্ত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রেখেছে। সরকার সিদ্ধান্ত দিলেই দ্রুত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
তিনি জানান, ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে মামলা, সীমানা-সংক্রান্ত জটিলতা ও অন্যান্য কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
বর্তমানে দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
পৌরসভার রোডম্যাপ অনুযায়ী, দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। তবে আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় এখনই নির্বাচন আয়োজন সম্ভব নয়।
অন্যদিকে, নতুন পাঁচটি উপজেলাসহ দেশে বর্তমানে ৫০০টি উপজেলা রয়েছে। কোনো উপজেলাতেই নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সবগুলো উপজেলাই নির্বাচন উপযোগী বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এ ছাড়া নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি নেই। ফলে সবগুলো সিটি করপোরেশনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।