জাতীয়
ইরানের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশের স্পিকারের বৈঠক
ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
আজ অনুষ্ঠিত এ বৈঠকে স্পিকার গালিবাফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ থেকে আগত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান।
বৈঠকে বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনার নিন্দা জানান। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
এ সময় তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষরে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণসহ সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
বাংলাদেশের স্পিকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, আলোচনার মাধ্যমে অবশিষ্ট অমীমাংসিত বিষয়গুলোরও টেকসই সমাধান সম্ভব।
বৈঠকের একপর্যায়ে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গতকাল তেহরানে পৌঁছান বাংলাদেশের স্পিকার। বিমানবন্দরে তাকে এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়ি।