জাতীয়

আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে তেহরানে অবস্থানকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতে গালিবাফ বাংলাদেশের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং সে দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

আলোচনায় তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

উল্লেখ্য, রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে প্রতিনিধি দলসহ বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিমানবন্দরে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাকে স্বাগত জানান।