জাতীয়

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরাম মামলা করেছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।