জাতীয়
খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, একসময় খিচুড়ি রান্না শেখা বা কচুরিপানা পরিষ্কার দেখার মতো তুচ্ছ বিষয়েও সরকারি কর্মকর্তারা বিদেশে যেতেন, কিন্তু এখন সেই প্রবণতা আর নেই।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, সরকার এমন একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে নির্ধারিত কোর্স নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ১২ বছরের শিক্ষা সেশনজটমুক্তভাবে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সময়ের অপচয় রোধ করে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই আনন্দমুখর শিক্ষণ পদ্ধতি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং প্রকৃত ইতিহাস সম্পর্কে জ্ঞান ধাপে ধাপে পাঠ্যবইয়ে সংযোজন করা হবে। ইতোমধ্যে পাঠ্যবইয়ে কিছু পরিবর্তন আনা হলেও পুরো শিক্ষাক্রম বাস্তবায়নে সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং নতুন মডেলে এসব প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রসঙ্গে তিনি জানান, আগামী রোববার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার প্রথমবারের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি ভর্তি পরীক্ষার ফল আগাম প্রকাশের বিষয়ে তিনি বলেন, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না; একজন অপারেটর ব্যক্তিগতভাবে আগেভাগে ফল প্রকাশ করেছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানের আগে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন উপস্থিত ছিলেন।