জাতীয়
ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত, পাস হলো ১০ বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। এ অধিবেশনে মোট ২৬ কার্যদিবস অনুষ্ঠিত হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়, যেখানে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন।
বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
অধিবেশন চলাকালে মোট ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়। ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠন করা হয় এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শেষে ডেপুটি স্পিকার দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।