জাতীয়
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সৌজন্য সাক্ষাতে এই আমন্ত্রণ জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে জয়ী হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আহ্বান জানান, যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।