জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্বে আসছেন স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্বে আসছেন স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদে এ বিধান উল্লেখ রয়েছে। এছাড়া ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দিতে পারে।

এর আগে, পদত্যাগের সম্ভাবনা তৈরি হলে আজ দুপুর সোয়া ১২টার দিকে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। আওয়ামী লীগের সমর্থনে রাষ্ট্রপতি হলেও ৫ আগস্টের পর তার কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার।