জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র তার কাছে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন।

স্পিকার আরও জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের পর থেকেই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন। একই সঙ্গে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। অতীতে তার হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মধ্যেই অচেতন হয়ে পড়েন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, একাধিক শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।