জাতীয়

প্রতি লিটার সয়াবিন তেলে মিলছে গড়ে ৫৩ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ এএম

প্রতি লিটার সয়াবিন তেলে মিলছে গড়ে ৫৩ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক!
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন বড় বাজার এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নমুনায় উদ্বেগজনক মাত্রায় ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি প্লাস্টিক কণা রয়েছে। তবে বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে এই দূষণের মাত্রা আরও বেশি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথভাবে পরিচালিত গবেষণায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক একটি বিজ্ঞান সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

গবেষণার জন্য ঢাকার তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন বড় বিপণিবিতান এবং খোলা বাজার থেকে মোট ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়। পরে আধুনিক পরীক্ষাগার পদ্ধতিতে এসব নমুনা বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান, খোলা সয়াবিন তেলে বোতলজাত তেলের তুলনায় অন্তত ১ দশমিক ২৪ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক রয়েছে। খোলা তেলের প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। তেজগাঁও এলাকা থেকে সংগ্রহ করা খোলা তেলের নমুনায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।

গবেষকদের মতে, শিল্পকারখানার আধিক্য, বস্ত্র ও প্লাস্টিক কারখানার নিকটবর্তী অবস্থান এবং একই পাত্র বারবার ব্যবহার করে খোলা তেল সংরক্ষণের কারণে দূষণের মাত্রা বেড়েছে।

পরীক্ষাগারে বিশ্লেষণের সময় তেলের নমুনায় ছয় ধরনের প্লাস্টিক উপাদান শনাক্ত হয়েছে। এর মধ্যে এমন দুটি উপাদানের উপস্থিতি পাওয়া গেছে, যা ভোজ্যতেলে এই প্রথম কোনো গবেষণায় শনাক্ত হওয়ার দাবি করেছেন গবেষকরা। শনাক্ত হওয়া প্লাস্টিক কণার বেশির ভাগই ছিল আঁশজাতীয় এবং উল্লেখযোগ্য অংশ ছিল স্বচ্ছ প্রকৃতির।

গবেষণায় আরও বলা হয়েছে, দৈনন্দিন খাদ্যগ্রহণের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তাদের শরীরে প্রতিদিন গড়ে ৭৭ দশমিক ২১টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি প্লাস্টিক কণা প্রবেশের আশঙ্কা রয়েছে। একটি শিশু তার জীবদ্দশায় প্রায় ২০ লাখ ৯০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা মানুষের পরিপাকতন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ এবং কোষের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে অতিক্ষুদ্র কণাগুলো রক্তে প্রবেশ করে আরও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

গবেষণা দলের প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান দূষক, যা মানুষের প্রজননতন্ত্র ও বিপাকীয় ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ব্যবস্থা উন্নয়ন এবং খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া খোলা তেল বিক্রিতে কার্যকর নিয়ন্ত্রণ, মানসম্মত ছাঁকনি ব্যবহারের বাধ্যবাধকতা এবং খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন গবেষকরা।