জাতীয়

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

আজ বুধবার (২৯ জুলাই) ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান। 

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনএসআইতে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ সদর দপ্তর এবং দেশের বিভিন্ন রেঞ্জ ও জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।