জাতীয়

গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামিয়ে দিতে চায়: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম

গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামিয়ে দিতে চায়: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

গুপ্ত শক্তি ও স্বৈরাচারী শক্তির যোগসাজশে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে এক সমাবেশ ও বন্যাদুর্গতদের মাঝে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, যেসব শক্তি একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পরবর্তীতে স্বৈরাচারের সঙ্গে সমঝোতায় নির্বাচনে অংশ নিয়েছিল, তারাই এখন আবার সক্রিয় হয়ে উঠেছে। এসব শক্তির লক্ষ্য দেশের চলমান উন্নয়ন থামিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, দেশের জনগণের সমর্থন নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায় এবং জ্বালানি খাত উন্নয়নে দলটির নিজস্ব পরিকল্পনা রয়েছে।

সমাবেশে যোগ দেওয়ার আগে বিকেলে হাটহাজারীর দারুল উলুম মঈনুল মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমেদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি বাঁশখালী থেকে হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।