জাতীয়
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর জাতীয় স্নায়ুবিজ্ঞান ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়িয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন ভবনে ৫০০টি শয্যা যুক্ত করা হয়েছে। ফলে জাতীয় স্নায়ুবিজ্ঞান ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হয়েছে।
এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।
সংশ্লিষ্টদের দাবি, এক হাজার শয্যার এই হাসপাতালটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্নায়ুবিজ্ঞান হাসপাতাল। নতুন ভবন চালুর ফলে দেশে স্নায়ুরোগের চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।