জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে কবর জিয়ারতের জন্য রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান তিনি।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে বৈধ ব্যালটের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। সর্বোচ্চ ভোট পাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পরে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় ভোট গণনা। এ সময় নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।