জাতীয়

বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন চার সদস্য। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

তাদের মধ্যে আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার চার সদস্যের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।