জাতীয়

কলকাতার হোটেলে আগুন: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

কলকাতার হোটেলে আগুন: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ
ছবি: সংগৃহীত

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে ও বিকেলে পৃথক সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতদের মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর থেকেই স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করেছে বাংলাদেশ উপহাইকমিশন।

এদিকে নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।