জাতীয়

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর অপরাধ সংঘটনের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকারের ছয় মাস অতিক্রান্ত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি, যেখানে অপরাধ সংঘটনের পর পুলিশ দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয়।

তিনি আরও বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন আশা করা হচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।

পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও দক্ষ বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।