জাতীয়
ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। বিশ্বনেতাদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁদের সম্মানেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি তাঁদের সহধর্মিণীরাও এতে অংশ নেন।
নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তাঁর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও অংশ নেন। ওই আয়োজনে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করছেন। তাঁর কর্মসূচির অংশ হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা জানানো হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বৈঠকটি কবে এবং কীভাবে হবে, তা উভয় পক্ষের সুবিধাজনক সময় ও দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই নেতার বৈঠকের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এদিকে নিউইয়র্ক সফরের অংশ হিসেবে ডা. জুবাইদা রহমানও বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ২২ সেপ্টেম্বর তিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে শিশুদের শিক্ষা, ডিজিটাল দক্ষতা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইন নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এ সফরের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ বিতর্কে তাঁর প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।