রাজনীতি

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেওয়া হয়।

এর আগে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি তুলে ধরেন যে, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

আপিল শুনানিতে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “দল নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি।” সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।

উল্লেখ্য, আবদুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।