রাজনীতি
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আ. লীগের ৬ সমর্থক গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর ছয় সমর্থক পুলিশের হাতে গ্রেপ্তার।
শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাঁদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান তাঁরা। এ সময় বিভিন্ন স্লোগান দিলে পরিস্থিতি বিবেচনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। তিনি জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।