রাজনীতি

‘শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে আজ পর্যন্ত যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিঃশর্ত ক্ষমা চাই’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম

‘শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে আজ পর্যন্ত যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিঃশর্ত ক্ষমা চাই’
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে কেউ আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাঁদের কাছে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জামায়াতের আমির বলেন, “শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, সেই সব মানুষের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।”

তিনি আরও বলেন, “ব্যক্তি যেমন ভুল করতে পারে, একটি দলও ভুল সিদ্ধান্ত নিতে পারে। কোনটি ভুল, কোনটি সঠিক— তা সময় ও ইতিহাসই নির্ধারণ করবে। আজ যেটিকে ভুল বলা হচ্ছে, আগামীকাল সেটিই হয়তো সঠিক প্রমাণিত হতে পারে।”

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামি একটি আদর্শভিত্তিক দল, যেখানে মানবিক মূল্যবোধ ও আত্মসমালোচনার চর্চা আছে। তিনি স্বীকার করেন, দলের সদস্য বা সহকর্মীদের কিছু কর্মকাণ্ডে মানুষ কষ্ট পেতে পারেন, এবং সেই কারণেই তিনি কোনো শর্ত ছাড়াই মাফ চেয়েছেন।

তার ভাষায়, “মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, কোনো লজ্জা নেই। এটা আমার মানবিক দায়িত্ব এবং নৈতিক অবস্থান থেকে নেওয়া সিদ্ধান্ত।”

সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা জামায়াত আমিরের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং রাজনৈতিক সহনশীলতা ও দায় স্বীকারের এই উদ্যোগকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।