রাজনীতি

একই অপরাধে প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের সমান বিচার হবে: জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

একই অপরাধে প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের সমান বিচার হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। একই অপরাধ করলে সাধারণ মানুষ যেমন বিচারের মুখোমুখি হবে, তেমনি একজন প্রধানমন্ত্রীও একই অপরাধে একইভাবে বিচারাধীন হবেন। এই ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থাই জামায়াতে ইসলামী কায়েম করতে চায়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যদি ইনসাফভিত্তিক শাসনের ঘোষণা দিতে পারি, তাহলে প্রথম দিন থেকেই শতকরা ৯০ ভাগ অপরাধ বাতাসে মিলিয়ে যাবে। কারণ মানুষ জানবে—এখানে কারও জন্য আলাদা আইন নেই, কেউ আইনের ঊর্ধ্বে নয়।” তিনি আরও বলেন, “যারা ভুল পথে আছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় এনে সমানভাবে বিচার করা হবে। এখানে কারও জন্য সোনার তলোয়ার আর কারও জন্য ইস্পাতের তলোয়ার থাকবে না।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চায়। এই লক্ষ্য বাস্তবায়িত হলে সমাজে বৈষম্য, দুর্নীতি ও অন্যায় শাসনের অবসান ঘটবে।

সিরাজগঞ্জ জেলার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “এই জেলা শিক্ষা ও স্বাস্থ্য খাতে এখনো অনেক পিছিয়ে। আল্লাহ যদি আমাদের কবুল করেন, তাহলে আমরা শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে কাজ করবো। মানুষের মৌলিক অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।” তিনি যমুনা নদীর স্থায়ী বাঁধ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে শহীদ ওসমান হাদিকে দেওয়া প্রতিশ্রুতি—তোমার হত্যার বিচার হবে। ‘হ্যাঁ’ মানে ১৪০০ শহীদকে দেওয়া অঙ্গীকার- তাদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।” তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে যারা বুকের রক্ত দিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায় আমরা নেবো।”

তিনি আরও বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।