রাজনীতি

ফের গঠিত হলো ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

ফের গঠিত হলো ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফের ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ গঠিত হতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আসন সমঝোতার এই জোটে এবার নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এক সময় ১০ দলে নেমে আসা জোটটি আবারও ১১ দলে রূপ নিয়েছে।

নির্বাচনের আর মাত্র ১৮ দিন বাকি থাকলেও রাজনৈতিক জোট গঠনে এখনো চলছে পরিবর্তন ও সমন্বয়। এর আগে জামায়াতের নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আকস্মিকভাবে বেরিয়ে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। এতে আসন সমঝোতার ওই জোটটি সাময়িকভাবে ১০ দলে পরিণত হয়। তবে ইসলামী আন্দোলন ফিরে না এলেও নতুন শরিক যুক্ত হওয়ায় জোটটি পুনরায় ১১ দলীয় রূপ লাভ করেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোটের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, “আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই। দেশের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাই। আমাদের এই লক্ষ্য ও আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টি আজ আমাদের জোটে যুক্ত হয়েছে। এর মাধ্যমে আমাদের আসন সমঝোতার জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।”

তিনি আরও বলেন, এই ঐক্য একটি অর্থবহ ও গণমুখী নির্বাচনী প্রচেষ্টাকে শক্তিশালী করবে এবং দেশবাসীর সামনে একটি বিকল্প রাজনৈতিক ধারার বার্তা পৌঁছে দেবে।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমরা ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছি। আমরা একটি বাস্তব ও অর্থবহ পরিবর্তন চাই—যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “আজকের এই যুক্ত হওয়া একটি নতুন রাজনৈতিক যাত্রার সূচনা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমরা এই জোটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।”

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক মেরুকরণ ও জোটভিত্তিক সমঝোতা নতুন মাত্রা পাচ্ছে। জামায়াতের নেতৃত্বাধীন এই ১১ দলীয় নির্বাচনী ঐক্য আগামী নির্বাচনী রাজনীতিতে কী ভূমিকা রাখে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল।