রাজনীতি

আমরা সকলেই জানি, বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

আমরা সকলেই জানি, বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী
ছবি: সংগৃহীত

আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। বুধবার পিরোজপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এক বৃহৎ নির্বাচনী জনসমাবেশ সফল করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে-ই-আমির ও প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী। তিনি জানান, উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, “আমরা সবাই জানি এবং বিশ্বাস করি-স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি স্বার্থান্বেষী চক্র জামায়াতের আমিরের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি জানান, আসন্ন নির্বাচনী জনসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ জামায়াত ও শরিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।