রাজনীতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জামায়াত আমিরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জামায়াত আমিরের
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন তিনি।

শফিকুর রহমান বলেন, ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা-প্রতিক্রিয়ার কারণে এ অঞ্চলে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যেই বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষতির কারণ হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ শুধু সংশ্লিষ্ট অঞ্চল নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে, যার প্রভাব থেকে বাংলাদেশও অমুক্ত নয়।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি সংকটের কারণে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে ২৯ মার্চ থেকে অফিস, আদালত ও কলকারখানা পূর্ণরূপে চালু হলে এই সংকট আরও তীব্র রূপ নিতে পারে। জ্বালানি সংকট কৃষি, উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং ইন্টারনেটের গতিকেও প্রভাবিত করবে।

বিরোধীদলীয় নেতা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের এই যুদ্ধের দাবানল শত শত কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর যন্ত্রণায় ফেলবেন না। কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করুন।”

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন রাজনৈতিক পয়েন্ট-স্কোরিংয়ের সময় নয়, বরং ঐক্যের সময়। জনগণের স্বার্থে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক হয়ে সংকট মোকাবিলা করতে হবে।”

Screenshot_15.jpg