রাজনীতি

আপনার পতন ছাত্রদল ও যুবদলই নিয়ে আসবে: প্রধানমন্ত্রীর উদ্দেশে শিবির সভাপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

আপনার পতন ছাত্রদল ও যুবদলই নিয়ে আসবে: প্রধানমন্ত্রীর উদ্দেশে শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার পতন ছাত্রদল ও যুবদলই নিয়ে আসবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পতন ছাত্রদল ও যুবদলই নিয়ে আসবে। আজ হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি অভিযোগ করেন, পাথর ছুড়ে মানুষ হত্যা, অভ্যন্তরীণ কোন্দলে নিজ দলের তিন শতাধিক কর্মী নিহত হওয়া এবং ব্যাপক চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

শিবির সভাপতি বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে এমন রাজনীতি আমরা চাই না।’

তিনি আরও বলেন, এসব ঘটনার বিরুদ্ধে সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘অন্যথায় ক্ষমতার মসনদ বিষাদে পরিণত হতে পারে।’