রাজনীতি

বিএনপি–ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ নাছিরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:৫১ পিএম

বিএনপি–ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ নাছিরের
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটিকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, এই অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শিবির চক্র।

রবিবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাছির বলেন, “মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। অভিযুক্ত ফজর আলীর পরিচয়ও আওয়ামী লীগের কর্মী হিসেবে স্পষ্ট। অথচ এই ঘটনা ঘিরে বিএনপি-ছাত্রদলের নামে অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, “ঘটনাটিকে বিকৃত করে মধ্যরাতে জামায়াত-শিবিরের কিছু সদস্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালিয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক শিবির নেতা সাদিক কায়েম ও ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ। যারা গণ-অভ্যুত্থানের পর ছাত্রলীগ থেকে শিবিরে যোগ দিয়েছে।”

নাছির দাবি করেন, “শিবির নেতারা বিএনপির নাম জড়িয়ে ধর্ষণের গুজব ছড়িয়ে নেতাকর্মীদের চরিত্রহননের চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে উসকানি দিচ্ছে। তারা ভুল স্বীকার না করে বরং আরও গুজব ছড়িয়ে যাচ্ছে। এটি ‘গুজবসন্ত্রাসে’ পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ছাত্রদল সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”