রাজনীতি
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে এই সিদ্ধান্ত নেয় দলটির প্রতিনিধি দল। এটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের মতো বৈঠক।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা চলাকালে আপত্তি জানিয়ে বৈঠক বর্জন করে বিএনপি।
এর আগে সংলাপের শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, কমিশনে টেবিলে আসা যেসব বিষয় এখনো অমীমাংসিত, সেগুলো নিয়েই আজ আলোচনা হবে। তিনি বলেন, “বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যেই অগ্রগতি হয়েছে। আজকের আলোচনায় আমরা একটি ঐতিহাসিক দলিল তৈরির দিকে এগোচ্ছি, যাতে ভবিষ্যতে দেশ আর যেন আগের সংকটময় অবস্থায় ফিরে না যায়।”
কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বিভিন্ন সময় সংশোধন ও পরিবর্তন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে মোট ১২টি বিষয়ে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো, বাকিগুলো নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায়, আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেন সিপিবি, জাসদ এবং বাসদ নেতারা। ওইদিন অধিবেশন শুরুর সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রতিবাদ জানান এবং ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন। তার এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় ঐকমত্য গঠনের এই প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক আস্থার অভাব এবং সাম্প্রতিক ঘটনাবলি প্রক্রিয়াটিকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছে।