রাজনীতি

তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম

তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি: তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই দুটি শক্তিই আমাদের আগামী দিনের সম্ভাবনার মূল ভিত্তি। তরুণদের মেধা ও নারীদের অংশগ্রহণ ছাড়া জাতীয় পুনর্গঠন অসম্ভব।”

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের গণসমাবেশে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিকেল সোয়া ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

তারেক রহমান বলেন, “এই দেশে পরিবর্তন আসবেই। আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবে ছাত্রসমাজ। আমাদের ইতিহাসের সব মহান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল তারুণ্য—আজও তাই হবে। ছাত্রদলের প্রতিটি কর্মীই হবে জনগণের প্রতিনিধি, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ।”

তিনি নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, “একবিংশ শতাব্দীতে নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন কল্পনা করা যায় না। বিএনপি বিশ্বাস করে—নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়।”

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, ইকবাল হোসেন শ্যামলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে নির্মিত বিশাল মঞ্চ ঘিরে রাজধানীজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ঢল নামে। মৎস্য ভবন, চারুকলা এবং কাঁটাবন মোড় পর্যন্ত জনসমাগমে শাহবাগ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট থেকে সমাবেশস্থলে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা, কপালে ও মাথায় ব্যান্ড বেঁধে মুখরিত করে তোলেন স্লোগানে—“তারেক রহমান আসছে”, “তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”।