রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে যোগ দিতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেছেন আল আমিন (৪০) নামের এক বিএনপি নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা সদরের পাটমহল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে "ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস" উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বেলা সাড়ে ১১টার দিকে পাটমহল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ করেই আল আমিন অসুস্থ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের প্রিয় সহযোদ্ধা আল আমিন ভাইয়ের এই আকস্মিক মৃত্যু আমাদের জন্য গভীর শোকের। তিনি একজন নিষ্ঠাবান ও কর্মঠ নেতা ছিলেন।”

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আল আমিনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

আল আমিনের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।