রাজনীতি
রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: ছাত্রদল নেতা নাছির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি প্রদর্শন করায় ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এই ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ও জাতির প্রতি চরম অবমাননা হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে নাছির লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। অথচ সেই পবিত্র মাটিতে আজ রাজাকার নিজামী, মুজাহিদ, গোলাম আযমসহ স্বাধীনতাবিরোধী ও গণহত্যাকারীদের ছবি টাঙিয়ে জাতিকে অপমান করেছে ছাত্রশিবির।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির হচ্ছে একাত্তরের ঘৃণ্য ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরী। অতীতেও তারা এক আল-বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছে, দলীয় প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য প্রকাশ করেছে।”
নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, “ভিসি, প্রক্টর ও প্রশাসনের প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা ছাড়া টিএসসির মতো জায়গায় এমন আয়োজন সম্ভব নয়। যেকোনো কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে এই আয়োজনের দায় প্রশাসন এড়াতে পারে না।”
তিনি অতীতে ঘটে যাওয়া তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার বিরুদ্ধে লেখা গ্রাফিতি মোছা, এবং অন্যান্য সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তা ও মৌন সমর্থনের কারণেই ক্যাম্পাসে অশুভ শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। শিক্ষার্থীরা এর ফলে হতাশ ও বিক্ষুব্ধ।”
শেষে তিনি শিবিরের এ কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
“স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার এই ঘৃণ্য অপচেষ্টা রুখে দিতে হবে।” — বলেন নাছির উদ্দীন।