রাজনীতি

নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে কোনো ধরনের সাংবিধানিক সংস্কার সম্ভব নয়। সংবিধান সংশোধনের একমাত্র প্ল্যাটফর্ম জাতীয় সংসদ। তার বাইরে যেকোনো ধরনের প্রক্রিয়ায় সংবিধান সংশ্লিষ্ট পরিবর্তন হলে তা হবে অসাংবিধানিক এবং আইনি বৈধতা পাবে না।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পাশাপাশি, ‘জুলাই জাতীয় সনদ’-এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপির পক্ষ থেকে দেওয়া চিঠিতেও একই ধরনের মতামত জানানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধানের ভিত্তিতেই গঠিত। সে কারণে সংবিধানের বৈধতা রক্ষা করাই এই সরকারের দায়িত্ব। সংবিধান সংশোধনের মতো গুরুতর বিষয় সংসদের মাধ্যমেই হতে হবে। তার বাইরে কিছু হলে তা হবে সাংবিধানিক বিচ্যুতি।”

তিনি আরও বলেন, “যেসব সংস্কারে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, সেগুলো অধ্যাদেশ বা প্রশাসনিক আদেশের মাধ্যমে করা যেতে পারে। তবে কোনোভাবেই সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে সংস্কার করা চলবে না। এসব বিষয় আদালতেও গ্রহণযোগ্য হবে না।”

বিএনপির অবস্থান স্পষ্ট-
বিএনপি বলছে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত এই সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। তার অতিরিক্ত কোনো ক্ষমতা থাকা উচিত নয়। সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি হবে অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য।

সালাহউদ্দিন আহমেদ আরও প্রশ্ন তোলেন, “যদি অন্তর্বর্তী সরকার সংবিধান লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নেয়, তবে তার বৈধতা কে দেবে? আদালতও এমন সিদ্ধান্তকে স্বীকৃতি দেবে না। তাই এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি।”