রাজনীতি

জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো হুংকারেই নির্বাচন ঠেকানো যাবে না: জাহিদ হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো হুংকারেই নির্বাচন ঠেকানো যাবে না: জাহিদ হোসেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ যদি গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তবে কোনো শক্তির হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।

তিনি বলেন, গণতন্ত্র টিকে থাকলে সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুণ্ঠিত অর্থ ফেরত আসবে, মব সন্ত্রাস বন্ধ হবে এবং বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার নিশ্চিত হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখনও আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে কিছু মহল রাজপথে নেমে হুংকার দিচ্ছে। তিনি বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে হুংকার দেওয়া দোষের নয়। কিন্তু আমরা জানি, জনগণকে যদি গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনে ঐকমত্য আনতে পারি, তাহলে কোনো হুংকারেই নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। শেষ বিচারে জনগণই ঠিক করবে তারা কার পাশে থাকবে এবং ভোটাধিকারের মাধ্যমে নিজের ইচ্ছা প্রকাশ করবে।”

তিনি আরও বলেন, জনগণ দেশের মালিকানা চায়, অধিকার চায়, অন্যায় ও অত্যাচারের বিচার চায়। জনগণ লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায় এবং অতীতে পাখির মতো গুলি করে যারা ভাইদের হত্যা করেছে সেই হত্যারও বিচার চায়। কাজেই জনগণ কোনো অবস্থাতেই কলঙ্কিত নির্বাচন, কলঙ্কিত বিচার প্রক্রিয়া কিংবা স্বৈরাচারের পুনর্বাসন মেনে নেবে না।

মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি মো. শাহিন মন্ডল, যুগ্ম সম্পাদক রেজা আহমেদ বিপুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নেতারা সাংগঠনিক ও রাজনৈতিক নানা দিক তুলে ধরে দলকে আরও শক্তিশালী করার প্রস্তাব দেন।