রাজনীতি

নির্বাচন বানচালে তৎপর স্বৈরাচারের প্রেতাত্মারা: ফারুক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

নির্বাচন বানচালে তৎপর স্বৈরাচারের প্রেতাত্মারা: ফারুক
জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা আসন্ন নির্বাচন বানচালের তৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল সেই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।

রবিবার সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রম সফল করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে নির্বাচনের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে শুধু প্রশাসন বা রাজনীতি নয়, পাঠ্যপুস্তক পর্যন্ত দলীয়করণ করার চেষ্টা চালানো হয়েছিল। এখন সময় এসেছে, জাতিকে সেই প্রভাব থেকে মুক্ত করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার।”