রাজনীতি

আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, দেশে আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকেও কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আবিদুল ইসলাম বলেন, “স্বৈরাচারের প্রতিটি অঙ্গ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন, তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চান এবং বিচারের মুখোমুখি হন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, তাদের কোনো অঙ্গসংগঠনকেও কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমি ভিসি চত্বরে রক্ত দেখেছি, বোনদের আহত হতে দেখেছি। বাড্ডায় জিল্লুরের রক্তাক্ত লাশও দেখেছি। সেই লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান দিয়েছিলাম।”

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। তাই লাশ দেখা আমার জন্য নতুন কিছু নয়। আমি রক্ত ও সংগ্রাম দুটোই দেখেছি। আমি যে এখনো বেঁচে আছি, সেটাকেই বোনাস মনে করি।”

আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, “জুলাই মানে ১৭ বছরের আপসহীন সংগ্রাম। এই সংগ্রামকে টিকিয়ে রাখতে শত অনৈক্যের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কাজ করে যেতে হবে।”