রাজনীতি
শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী
চব্বিশের গণআন্দোলনে পরাজিত শক্তিকে কোনো ধরনের আশকারা বা প্রশ্রয় না দিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই নানা ধরনের ষড়যন্ত্র চলছে।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি চালানো ব্যক্তিদের কোনোভাবেই আবার রাজপথে আসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলগুলোর উদ্দেশে রিজভী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন ও সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। তবে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যার সুযোগ নিয়ে পরাজিত শক্তি আবার রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে গাড়ি ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র বিস্তারের জন্য কাজ করছেন। তার দাবি, সরকার বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে না। লংমার্চ, বিক্ষোভ ও সভা করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাকে রাজনৈতিক দলগুলোর মূল দায়িত্ব হিসেবে উল্লেখ করেন রিজভী।
সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নয়াপল্টন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।